ফরিদপুরে চাচাতো ভাইয়ের হাতে তরুণী নিগৃহীত: অভিযুক্ত ‘আলোর দিশারি’ সেক্রেটারি
- আপডেট সময় : ০১:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 843
ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন পূর্ব গঙ্গাবর্দী এলাকায় পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক তরুণী। অভিযুক্ত যুবকের নাম মো. সেলিম বিশ্বাস (৩০), তিনি একই গ্রামের সাহিদ বিশ্বাসের ছেলে। সেলিম স্থানীয় একটি সামাজিক সংগঠন “আলোর দিশারি যুব সংঘ” এবং পূর্ব গঙ্গাবর্দী মোল্লাবাড়ী পাকা জামে মসজিদ কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী তরুণী মোসা. আশা, একই গ্রামের বাসিন্দা এবং সেলিম বিশ্বাসের আপন চাচাতো বোন। ঘটনার বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সেলিম বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের প্রতি শত্রুতামূলক আচরণ করে আসছেন।
গত ২১ জুলাই ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে কাঠালগাছের পাতা পারাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এসময় সেলিমের বাবা সাহিদ বিশ্বাস আশার মাকে ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে প্রতিবাদ করলে সেলিম বিশ্বাস হুমকি ধামকি দিতে শুরু করে এবং এক পর্যায়ে তাকে মারধর করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, সেলিম বিশ্বাস আশার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন এবং চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে আশার মা ও অন্যান্য আত্মীয়-স্বজন ছুটে এলে সেলিম তাকে ছেড়ে দেন এবং সবাইকে হুমকি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেন।
আশা বলেন, “আমি থানায় অভিযোগ করার পর পুলিশ এসেছিল। এরপর থেকেই বিভিন্নভাবে আমাকে ‘মিল-মিশ’ করার প্রস্তাব দেওয়া হচ্ছে এবং হুমকি-ধামকি আসছে। আমি স্থানীয়ভাবে মীমাংসা চাই না। আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই।”
ভুক্তভোগী আশার মা বলেন, “আমার প্রাপ্তবয়স্ক মেয়ের গায়ে একজন পুরুষ কিভাবে হাত তোলে! আমি এর কঠোর বিচার চাই।”
এলাকাবাসী জানান, একজন সামাজিক সংগঠনের সেক্রেটারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি হয়ে সেলিমের এমন কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। তারা তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আলোর দিশারি যুব সংঘের সভাপতি মো. মামুন খান বলেন, “বিষয়টি আমি এখনো পুরোপুরি জানি না। যতটুকু জেনেছি, এটি তাদের পারিবারিক বিষয়। তবে যদি তিনি (সেলিম) কিছু করে থাকেন, সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত সেলিম বিশ্বাস বলেন, “আশা আমার আপন চাচাতো বোন। আমি ওর বড় ভাই। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। আশা আমাকে গালিগালাজ করলে আমি ওকে দুইটা চড়-থাপ্পড় দেই। তবে আমি কোনো রকম শ্লীলতাহানি করিনি। বড় ভাই হিসেবে শুধু শাসন করেছি।”
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এএসআই জানিমুর রহমান বলেন, “থানায় লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকেই ডাকা হবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”





















