ফরিদপুরে ডাকাতি: বাধা দেওয়ায় নারীর রগ কেটে দিল ডাকাতরা
- আপডেট সময় : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 463
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে বোয়ালমারী পৌরসভার ছোটগ্রাম এলাকায় এই ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী গুরুতর আহত হয়েছেন।
কী ঘটেছিল
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্যমতে, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃত চিত্তরঞ্জন সাহার বাড়িতে এই ঘটনা ঘটে। সকালবেলা চিত্তরঞ্জন সাহার স্ত্রী মল্লিকা রাণী সাহা ঘরের বাইরে এলে আগে থেকে ওত পেতে থাকা ডাকাত দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে প্রবেশ করে।
ডাকাতরা মল্লিকা রাণীকে মারধর করতে শুরু করলে তার মেয়ে তাপসী সাহা এগিয়ে এসে বাধা দেন। এতে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাপসীর বাম হাতের রগ কেটে যাওয়ায় তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের বক্তব্য ও লুটের বিবরণ
মল্লিকা রাণী সাহা জানান, সম্প্রতি তার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। ডাকাতরা সম্ভবত এ বিষয়টি জানত। বিয়ের জন্য গচ্ছিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা কোথায় রাখা আছে, তা জানতে চেয়ে ডাকাতরা তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা ঘরের আলমারি ও বাক্স ভাঙচুর করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী এটি একটি চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















