ফরিদপুরে নকল র্যাব ধরতে গিয়ে গণপিটুনির শিকার আসল র্যাব সদস্যরাও
- আপডেট সময় : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 705
ফরিদপুরের নগরকান্দায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে ভুয়া র্যাব সদস্যদের ধাওয়া করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন আসল র্যাব সদস্যরাও। স্থানীয়রা আসল ও নকল র্যাবের পার্থক্য করতে না পারায় উভয় পক্ষের ওপর চড়াও হন।
ঘটনার সূত্রপাত ও গণপিটুনি
গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে হর্ন বাজাতে বাজাতে একটি মাইক্রোবাস যাচ্ছিল। তার কিছুটা পেছনেই আসছিল আরেকটি মাইক্রোবাস। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয় লোকজন মহাসড়কে গাছ ফেলে প্রথম মাইক্রোবাসটিকে থামান।
গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র্যাব বলে পরিচয় দিলেও, তাদের কারো গায়ে র্যাবের পোশাক ছিল না। এতে স্থানীয়দের সন্দেহ হয় এবং ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে জনতা তাদের আটকে মারধর শুরু করে।
এমন সময় সেখানে এসে পৌঁছায় দ্বিতীয় মাইক্রোবাসটি, যাতে ছিলেন র্যাবের প্রকৃত সদস্যরা। তাদের কয়েকজনের গায়ে ইউনিফর্ম না থাকায় স্থানীয়রা তাদেরও ভুল করে ভুয়া র্যাব মনে করেন। আসল র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে আটক ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করলে, উত্তেজিত জনতা তাদের ওপরও চড়াও হয় এবং তারা গণপিটুনির শিকার হন।
আসল ও নকল র্যাব উদ্ধার
একপর্যায়ে স্থানীয় থানা থেকে পুলিশ ও র্যাবের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং উভয় পক্ষকেই জনতার রোষ থেকে উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আমীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতা ও ভুয়া র্যাব সদস্যদের উদ্ধারের পর রাত সাড়ে আটটার দিকে তাদের নিয়ে ফরিদপুর র্যাব ক্যাম্পের সদস্যরা মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশে রওনা হন।
র্যাবের বক্তব্য
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, র্যাব-১০ এর হেডকোয়ার্টার থেকে একটি টিম ডাকাত দলকে ধাওয়া করছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে উভয় পক্ষের ওপর চড়াও হন। কিছু র্যাব সদস্য সাদা পোশাকে থাকায় উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে তাদের প্রকৃত র্যাব বলে চিনতে পারেননি।
র্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বিস্তারিত জানিয়ে বলেন, “আমরা ভুয়া র্যাবের দলকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ধাওয়া করে নিয়ে যাচ্ছিলাম। তারা পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল দিয়ে বের হয়ে যেতে পারলেও শেষ পর্যন্ত তাদের ধরা গেছে।”
তিনি আরও বলেন, “জনগণ যখন ভুয়া র্যাব পরিচয়কারীদের মারপিট করছিলেন, তখন তাদের যাতে মেরে না ফেলেন, এই আশঙ্কায় আমরা জনগণের পিটুনি থেকে তাদের বাঁচানোর চেষ্টা করি। তবে প্রথম পর্যায়ে জনগণ আমাদেরও ভুয়া র্যাব মনে করেছিলেন। এ কারণে আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল, তবে তা আমলযোগ্য নয়।”
আটককৃত ভুয়া র্যাব পরিচয়দানকারীগণ
আটককৃত ভুয়া র্যাব পরিচয়দানকারী পাঁচজন হলেন:
শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের স্বপন খান (৪৫)
চাঁদপুর সদরের মদনা গ্রামের মিন্টু গাজী (৪৫)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুনসিবাড়ি গ্রামের মো. সাইফুল ইসলাম (৩০)
মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মো. জামিল (৩২)
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের দিদার (২৯)












