ফরিদপুরে ‘তেল নাই’ নাটক করা পাম্পে মিললো ২৮ হাজার লিটার জ্বালানি
- আপডেট সময় : ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 660
ফরিদপুর শহরতলীর কানাইপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে বড় অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাম্পের সামনে ‘পেট্রোল নেই’ লিখে রাখলেও ভেতরে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুদ পেয়েছে প্রশাসন।
মিথ্যা তথ্য ও মজুদ উদ্ধার
শনিবার (২৮ মার্চ) দুপুরে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে কানাইপুর বাজারের ‘হোসেন ফিলিং স্টেশনে’ এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, পাম্পটি বন্ধ এবং সেখানে বড় করে লেখা ‘পেট্রোল নেই’। কিন্তু প্রশাসনের তল্লাশিতে পাম্পটিতে ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন ও ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়।
জরিমানা ও কড়া সতর্কবার্তা
মজুদ থাকা সত্ত্বেও ভোক্তাদের তেল না দিয়ে হয়রানি করার সত্যতা পাওয়ায় পাম্পের ম্যানেজার সাবির চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফরিদপুর-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত ‘রয়েল ফিলিং স্টেশনেও’ অভিযান চালানো হয়। সেখানে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখায় কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিক সরবরাহ চালুর নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের বক্তব্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের বিশাল মজুদ পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের কারসাজি বরদাশত করা হবে না। হোসেন ফিলিং স্টেশনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অন্য পাম্পগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”




















