ফরিদপুরে থানার গেট রণক্ষেত্র! যুবদল-স্বেচ্ছাসেবক দলের মারামারি
- আপডেট সময় : ০৪:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 2142
ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে মারামারিতে জড়িয়েছেন উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। আশ্চর্যের বিষয়, ঘটনাটি ঘটেছে খোদ থানা গেটের সামনে। এই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
সালিশকে কেন্দ্র করে বাকবিতণ্ডা
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা থানায় জমিজমা সংক্রান্ত একটি সালিশ চলছিল। সেই সালিশকে কেন্দ্র করে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
থানার সামনেই মারামারি
কথা-কাটাকাটি একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। দুই নেতা তাদের অনুসারীদের নিয়ে আলফাডাঙ্গা থানার প্রধান গেটের সামনেই একে অপরের উপর চড়াও হন। প্রকাশ্য স্থানে এই সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের নেতাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘কী নিয়ে কারা মারামারি করেছে, তা আমাদের জানা নেই। এই বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগও করেননি।’




















