ফরিদপুরে জুলাই আন্দোলনের আসামিকে ‘সাহসী’ সাংবাদিক সম্মাননা
- আপডেট সময় : ০৪:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / 403
জুলাই গণঅভ্যুত্থানে হামলার মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ আহমেদকে ‘সাহসী সম্মাননা’ দেওয়ায় ফরিদপুরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ খবর জানাজানি হওয়ার পর সাংবাদিক মহল, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়।
কী নিয়ে বিতর্ক
বুধবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে ফয়েজ আহমেদ জানান, সাংবাদিকতায় সাহসিকতাপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও চেক দেওয়া হয়েছে।
ফয়েজ আহমেদ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের ওপর হামলার একমাত্র মামলায় তিনি ৯৭ নম্বর আসামি। এছাড়া, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা এবং গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
প্রতিবাদ ও সংশ্লিষ্টদের বক্তব্য
বুধবার দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলার সিনিয়র তথ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ ঘটনার লিখিত প্রতিবাদ জানায়। তারা বিতর্কিত ব্যক্তিকে দেওয়া সম্মাননা প্রত্যাহার করে প্রকৃত সাহসী সাংবাদিকদের মূল্যায়নের দাবি জানান।
ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল বলেন, “এ খবর জানতে পেরে আমরা বিস্মিত। এটি জুলাই গণঅভ্যুত্থানের সময় অবদান রাখা সাহসী সাংবাদিকদের প্রতি অসম্মানের শামিল।”
এ বিষয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, তারা বিষয়টি জানতেন না। ফরিদপুর জেলা থেকে একমাত্র আবেদনকারী ছিলেন তিনি। যথাযথ যাচাই-বাছাই না হওয়ার কারণেই এমনটি হয়েছে বলে তিনি স্বীকার করেন।











