ফরিদপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: রিপন গ্রেফতার

- আপডেট সময় : ১২:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 446
ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া ইউনিয়নে নয় বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রিপন মল্লিককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) মধুখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘটনার বিবরণ:
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ মে) বিকেলে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী রিপন মল্লিকের বাড়িতে দুধ আনতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে রিপন কৌশলে শিশুটিকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের বিষয়টি নজরে আসে। একপর্যায়ে শিশুটি পুরো ঘটনার বর্ণনা দিলে পরিবারের পক্ষ থেকে মধুখালী থানায় মামলা দায়ের করা হয়।
চিকিৎসা ও আইনি পদক্ষেপ:
আক্রান্ত শিশুটিকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি)-তে স্থানান্তর করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখদেব রায় জানান, স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর এসআই মোক্তার হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্তকে মাগুরা থেকে গ্রেফতার করেছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী বাবার আকুতি:
এদিকে সাংবাদিকদদের সামনে কান্নায় ভেঙে পড়ে শিশুটির বাবা মোঃ ফরিদুল ইসলাম মল্লিক বলেন, “আমার মেয়ের সাথে যা ঘটেছে, এমনটা যেন আর কোনো বাবার সাথে না ঘটে। আমি এই পাশবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামির দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানাই।”
গ্রেফতারকৃত রিপন মল্লিক শান্তিপুর গ্রামের দুলাল মল্লিকের ছেলে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।





















