ফরিদপুরে বৃদ্ধের লালসার শিকার নাবালিকা: থানায় মায়ের অভিযোগ
- আপডেট সময় : ০৬:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 238
বয়সের ভারে যেখানে মাথায় স্নেহের হাত রাখার কথা, সেখানে উল্টো নাতির বয়সী এক অবুঝ শিশুকে নিজের লালসার শিকার বানানোর হীন চেষ্টার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। চকলেটের প্রলোভন দেখিয়ে মাত্র ছয় বছরের এক শিশুকে নির্জন ঘরে ডেকে নিয়ে চরম হেনস্থার এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলায়। এই ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে ভুক্তভোগী ওই শিশুটির মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে, গত মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত বৃদ্ধের নাম রেজাউল প্রামাণিক (৬০), সে ওই এলাকার প্রয়াত গেন্দু প্রামাণিকের ছেলে।
চকলেটের আড়ালে ফাঁদ ও শিশুর চিৎকার:
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির পাশেই খেলাধুলা করছিল। অবুঝ শিশুকে একা পেয়ে রেজাউল প্রামাণিক তাকে অ্যালোভেরা গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখায়। চকলেটের লোভে শিশুটি রাজি হলে কৌশলে তাকে নিজের নির্জন ঘরে নিয়ে যায় ওই বৃদ্ধ।
ঘরে ঢোকানোর পরপরই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে সে শিশুটির ওপর চড়াও হয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। অবুঝ শিশুটি কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রণায় ও ভয়ে চিৎকার শুরু করলে বেগতিক দেখে রেজাউল তাকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ক্রন্দনরত অবস্থায় শিশুটি ঘর থেকে বের হয়ে পরিবারের কাছে লম্পট বৃদ্ধের এই পুরো কুকীর্তি ফাঁস করে দেয়।
এলাকায় তীব্র ক্ষোভ, তদন্তে পুলিশ:
এদিকে এই ঘটনা জানাজানি হতেই চৈতার কোল গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীদের অভিযোগ, রেজাউল প্রামাণিক স্রেফ এবারই নয়, এর আগেও এলাকায় এই ধরনের একাধিক বিকৃত ও অপরাধমূলক ঘটিয়েছে। তার চারিত্রিক স্খলন নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রামবাসীর মনে তীব্র ক্ষোভ জমা ছিল। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই লম্পট বৃদ্ধকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
আইনি পদক্ষেপের বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, “ভুক্তভোগী শিশুর মা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং পুলিশ এটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুততম সময়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


















