ফরিদপুরে জমকালো আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 203
সংগ্রাম, ঐতিহ্য আর জনকল্যাণের তিন দশক পার! সুদীর্ঘ ৩৩ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে পদ্মাপাড়ের ফরিদপুরে জমে উঠেছিল জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। আলোচনা সভা, স্মৃতিচারণ এবং বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উদযাপিত হলো সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর প্রেস ক্লাবের মিলনায়তনে জিয়া মঞ্চ ফরিদপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক ঐক্যের আবহে প্রেস ক্লাবের পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে জিয়া মঞ্চের নেতাকর্মীদের উপস্থিতিতে।
আলোচনা সভা ও ঐক্যের সংকল্প
মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক মো. কাইয়ুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ। বক্তব্যে তিনি জিয়া মঞ্চের দীর্ঘ সংগ্রামের পথচলা তুলে ধরে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া মঞ্চের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এস সাজ্জাদ হোসেন শাওন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু। জাসাস ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সঞ্চালনায় সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এনামুল করিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই জিয়া মঞ্চ রাজপথের আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ-কর্দশায় পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনেও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের প্রতিটি কর্মীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিশেষ দোয়া ও মোনাজাত
আলোচনা পর্ব শেষে আয়োজিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ফরিদপুর-৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গভীর মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শামসুল হক। অনুষ্ঠানে জিয়া মঞ্চের জেলা ও মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।












