হাসনাতের আসনে ভোটে লড়তে পারবেন না বিএনপি প্রার্থী মুন্সী
- আপডেট সময় : ০৫:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 657
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তন এসেছে। ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি বর্তমানে ‘ঋণখেলাপি’ হিসেবেই চিহ্নিত হবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আইনি জটিলতা:
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় তার প্রার্থিতা এখন আইনত অবৈধ। এর আগে হাইকোর্ট তার নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করলেও চেম্বার আদালত সেই আদেশে স্থগিতাদেশ দিয়েছেন।
বড় ধাক্কা বিএনপির দুর্গে:
দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় মাঠ এখন অনেকটা ফাঁকা। উল্লেখ্য, এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন। মঞ্জুরুল মুন্সী ছিটকে পড়লে হাসনাত আবদুল্লাহর পথ আরও সহজ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।












