ফরিদপুরের প্রভাবশালী নেতা কাজী জাফর উল্লাহ নতুন মামলায় গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 510
ব্যাংক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহকে নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ফরিদপুরের ভাঙ্গার এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।
ভুয়া পরিচয়ে ১০ এফডিআর: নেপথ্যে ৪ কোটি টাকা
দুদকের মামলার এজাহারে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের তৎকালীন কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে কাজী জাফর উল্লাহ নিজের আসল পরিচয় গোপন করে ভুয়া নাম ও পরিচয়পত্র ব্যবহার করে ১০টি এফডিআর (FDR) হিসাব খোলেন।
এসব হিসাবে মোট ৪ কোটি ১৪ লাখ টাকা জমা করা হয়েছিল। পরবর্তীতে নথিপত্র বিকৃত করে তিনি অবৈধভাবে ৪২ লাখ ৭ হাজার ৫০০ টাকা অতিরিক্ত সুদ গ্রহণ করেন। দুদকের উপ-পরিচালক শারিকা ইসলাম আদালতে জানান, এই অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের বিষয়টি বর্তমানে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।
কারাগার থেকেই নতুন মামলায় গ্রেফতার
কাজী জাফর উল্লাহ বর্তমানে অন্য একটি ফৌজদারি মামলায় জেলহাজতে আটক আছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে এই নতুন মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর (Shown Arrest) নির্দেশ দেন।
ফরিদপুরের রাজনীতিতে কাজী জাফর উল্লাহ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের এই বাসিন্দা ২০০১ সালে ফরিদপুর-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে আসন বিন্যাসের পর ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে একাধিকবার নির্বাচন করলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি ব্যবসায়িক ও আর্থিক অনিয়মে জড়িয়েছেন বলে দীর্ঘদিনের অভিযোগ ছিল।




















