মাইলস্টোনে ফরিদপুরের রাইসা: ৮০% পুড়ে যাওয়া মৃতদেহ শনাক্ত করলেন বাবা
- আপডেট সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 509
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি (১১) আর বেঁচে নেই। হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সিএমএইচ হাসপাতালে তার গলিত মরদেহের সন্ধান মিলেছে।
মরদেহ শনাক্ত ও পরিবারের শোক
নিহত রাইসা মনির চাচা ইমদাদুল শেখ আজ সন্ধ্যা ৬টার দিকে দৈনিক জাগ্রত বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিহত রাইসার মরদেহ শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ।
রাইসা মনি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকার একজন ব্যবসায়ী।
রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ দৈনিক জাগ্রত বাংলাদেশকে বলেন, “রাইসা মনির খোঁজ পাওয়া গেছে। তবে সে আর পৃথিবীতে জীবিত নেই। তার বাবা নিজে মেয়ের মরদেহ শনাক্ত করেছেন।” তিনি আরও জানান, রাইসা মনি ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তার একটি বড় বোন ও একটি ছোট ভাই রয়েছে। রাইসার মরদেহ খুঁজে পেয়ে তার পরিবারে গভীর শোকের মাতম চলছে।
মরদেহের অবস্থা ও দাফনের প্রস্তুতি
চাচা ইমদাদুল শেখ দৈনিক জাগ্রত বাংলাদেশকে জানান, “রাইসা মনি আর বেঁচে নেই। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। পেটের ওপর থেকে মাথা পর্যন্ত বেশি পুড়েছে। তবে তার মুখমণ্ডল দেখে তার বাবা মেয়ে রাইসা মনিকে শনাক্ত করেছেন।”
তিনি আরও বলেন, “ডিএনএ নমুনা টেস্ট দেওয়ার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের নমুনা রেখে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হলে আজই গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার মরদেহ দাফন করা হবে।”
দুর্ঘটনার সর্বশেষ অবস্থা
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা দুপুর পর্যন্ত ৩১ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১৬৫ জন। এই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।





















