ফরিদপুরে মহুয়া বিতর্কে তসলিমা নাসরিনের প্রবেশ, গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত
- আপডেট সময় : ১১:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 516
ফরিদপুর জেলা যুব মহিলা লীগের সদস্য মহুয়া ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষ না হতেই, মহুয়ার পক্ষে ফেসবুকে সরব হয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা নাসরিনের এই সমর্থনমূলক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং স্থানীয় আন্দোলনকারীরা এই পুরো বিষয়টিকে ‘গভীর চক্রান্তের নীলনকশা’ বলে উল্লেখ করেছেন।
মূল বিতর্ক ও তসলিমা নাসরিনের সমর্থন
সোমবার (৩ নভেম্বর) ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ফেসবুকে করা একটি পোস্টের কমেন্টে জেলা যুব মহিলা লীগ নেত্রী মহুয়া ইসলাম লেখেন:
“কিন্তু সে তো এখন নাই, আর তার আদর্শও ঠিকঠাক কেউ মানে না..তাইলে তুমি কার?”
মহুয়ার এই মন্তব্যের তীব্র প্রতিবাদে মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তসলিমা নাসরিনের পোস্ট
মঙ্গলবার সন্ধ্যার পর তসলিমা নাসরিন তাঁর ভেরিফায়েড প্রোফাইলে মহুয়া ইসলামের মন্তব্যকে ‘সত্য উচ্চারণ’ বলে পূর্ণ সমর্থন জানান। তিনি লেখেন:
“মহুয়া ইসলামের মন্তব্যে যুক্তি ছিল… মহুয়ার এই সত্য উচ্চারণ শিটহেডদের পাগল বানিয়ে দিয়েছে।”
এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে নতুন করে বিতর্কের জন্ম দেয়।
আন্দোলনকারীদের প্রতিক্রিয়া ও সতর্কতা
বিক্ষোভে অংশগ্রহণকারী ও আন্দোলনকারীদের মুখপাত্র আবরার নাদিম ইতু তসলিমা নাসরিনের পোস্টের প্রতিক্রিয়ায় বলেন:
“পুরো বিষয়টি যে এক গভীর চক্রান্তের নীলনকশা, সেটিই প্রমাণিত হলো এবার। আমরা আশা করছি সরকার এ বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণ করবে। আমরা কোনো মহলকে নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দিতে পারিনা।”
আন্দোলনকারীরা সরকারকে সতর্ক করে বলেন, যুব মহিলা লীগ নেত্রীর এই মন্তব্য নিছক কোনো ফেসবুক কমেন্ট নয়। মুসলিমবিদ্বেষী এই তৎপরতার নেপথ্যে আরো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত থাকতে পারে। তাঁরা অবিলম্বে মহুয়াকে গ্রেফতার এবং সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপ দাবি করে শুক্রবার বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
পুলিশের পদক্ষেপ
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানিয়েছেন, অভিযুক্ত মহুয়া ইসলামের বাসায় গিয়ে তাঁর খোঁজ করা হয়েছে, কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তিনি বলেন, মহুয়ার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















