বিদেশ-ফেরতদের সেবা নিশ্চিতে জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি
- আপডেট সময় : ০৯:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 157
বিদেশ-ফেরত অভিবাসীদের যথাযথ সেবা প্রদান ও তাদের সমাজে পুনরেকত্রীকরণ করতে জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে প্রবাসীদের দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সুইজারল্যান্ডের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ‘রিইন্টিগ্রেশন অফ মাইগ্রেন্ট ওর্য়াকার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে ‘রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইলিয়াছুর রহমান বলেন, বিদেশ-ফেরত অভিবাসীদের আরও দ্রুত ও কার্যকর সেবা প্রদানের জন্য আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগই পারে প্রবাসীদের আবার নিজের পায়ে দাঁড়ানোর সাহস জোগাতে।
সভাপতির বক্তব্যে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা বলেন, অভিবাসীদের দক্ষতা ও শিক্ষা অনুযায়ী কাজ নিশ্চিত করা প্রয়োজন। অনেকে বিদেশে কাজ করলেও দেশে ফিরে সামাজিক মর্যাদার ভয়ে একই কাজ করতে চান না, ফলে তারা বেকার হয়ে পড়েন। আমাদের উচিত লিপি বেগমের মতো সফলদের উদাহরণ সবার সামনে তুলে ধরা, যারা বিদেশ থেকে ফিরে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী জানান, সরকার প্রবাসীদের পুনর্বাসনে নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। কেউ নির্দিষ্ট ট্রেডে প্রশিক্ষণ নিতে চাইলে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
এসময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মঈনুল আহসান জানান, ৩৫ বছরের কম বয়সী বিদেশ-ফেরতরা তাদের প্রয়োজন মতো প্রশিক্ষণ ও ঋণ সুবিধা পাবেন।
কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রইছ উদ্দিন, ব্লাস্টের জেলা সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রবাসীদের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার খন্দকার গৌরব মুস্তাফা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, বিসিকের সহকারী পরিচালক মোঃ আহসান কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী আক্তারুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মাহমুদা সুলতানা, সোনালী ব্যাংকের ডিজিএম শেখ আমীর খসরু, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রক্ষিত ভট্টাচার্য ও ম্যানেজার মোহাম্মদ হোসেন খানসহ সংশ্লিষ্টরা।


















