প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জিএম প্রত্যাহার
- আপডেট সময় : ১০:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 127
সারাদেশ জুড়ে ডেঙ্গু প্রতিরোধের ভার্চুয়াল কনফারেন্স। স্ক্রিনের ওপারে সরাসরি যুক্ত দেশের প্রধানমন্ত্রী। হাজারো মানুষের চোখ তখন মিলনায়তনের পর্দায়। ঠিক তখনই ঘনিয়ে এলো অনাকাঙ্ক্ষিত সেই অন্ধকার! বক্তব্য শুরুর মাত্র এক মিনিটের মাথায় হঠাৎ হাওয়া হয়ে গেল মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ। পুরো উপজেলা আলোয় ঝলমল করলেও কেবল কনফারেন্স রুমটাই এক লহমায় ডুবে গেল অন্ধকারে। এই চরম প্রশাসনিক বিভ্রাটের ২৪ ঘণ্টার মধ্যেই পড়ল চাবুক—পদ হারাতে হলো পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম)-কে!
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য সরাসরি সম্প্রচারের সময় ঘটে এই অভাবনীয় ঘটনা। এর জের ধরে রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক তড়িৎ অফিস আদেশে পিরোজপুরের জিএম মো. আলতাপ হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বে আসা জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।
‘কমিউনিকেশন গ্যাপ’ নাকি প্রশাসনিক গাফিলতি?
ঘটনার দিন সকালে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্স সম্প্রচার হচ্ছিল। কিন্তু বক্তব্য শুরু হতে না হতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরলেও স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, কর্মসূচির বিষয়টি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়েছিল। তবুও উপজেলা পরিষদের অন্যান্য ভবনে আলো জ্বললেও কেবল মিলনায়তনেই বিদ্যুৎ চলে যায়। মূলত ‘কমিউনিকেশন গ্যাপ’ বা সমন্বয়হীনতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাট ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত নির্দেশনায় আলতাপ হোসেনকে দ্রুত নতুন দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পিরোজপুরের জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএম-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
কর্মচারীদের ভুলের খেসারত দিলেন জিএম?
ঘটনার নেপথ্য ব্যাখ্যা দিতে গিয়ে অতিরিক্ত দায়িত্বে আসা জিএম মো. কামরুজ্জামান জানান—
“ইউএনও অফিসের সিএ থেকে অভিযোগ আসে যে তাদের অফিসে বিদ্যুৎ নেই। লাইনম্যানদের ধারণা ছিল ইউএনও অফিসেই মূল মিটিং হচ্ছে। ফলে সেই লাইনের কাজ বা সমন্বয় করতে গিয়ে মিলনায়তনের সংযোগ ২ মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। সেই দুই মিনিটের ভুল বোঝাবুঝির জন্যই শেষ পর্যন্ত জিএম স্যারকে প্রশাসনিক আদেশে বরিশালে সংযুক্ত হতে হলো।”











