বিএনপি নেত্রীর ওপর হামলার অভিযোগ, আহত ৫
- আপডেট সময় : ০৭:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 448
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে। মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা তাঁর ও তাঁর কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বরিশাল শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নাসরিনের অভিযোগ: সরোয়ারের নির্দেশে হামলা
বিএনপি নেত্রী আফরোজা নাসরিন অভিযোগ করে বলেন, তিনি যখন তার নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য বাইরে অপেক্ষা করছিলেন, তখন ফুল দিয়ে বের হওয়ার সময় মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়।
নাসরিনের দাবি, সরোয়ার অনুসারী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, রাসেল কবির, রতন, ইকো এবং সরোয়ারের বডিগার্ড আবুর নেতৃত্বে এই হামলা চালানো হয়। তিনি বলেন, “তারা আমার গায়ে পর্যন্ত হাত তোলে।”
এই হামলায় বিএনপির নারী কর্মী মরিয়ম, রিনা, শিল্পী এবং মহানগর বিএনপির নূরুল ইসলাম, আলাউদ্দিন ও ইউনুসসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে নাসরিন জানান। তিনি সরাসরি অভিযোগ করেন, বিনা উসকানিতে এ হামলা চালানো হয়েছে এবং ঘটনার সময় মজিবর রহমান সরোয়ার সেখানে উপস্থিত ছিলেন এবং তাঁর নির্দেশেই এই হামলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মজিবর রহমান সরোয়ারকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
সরোয়ার অনুসারীদের দাবি: মিথ্যা অভিযোগ
অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত সরোয়ার অনুসারীরা আফরোজা নাসরিনের আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক বলেন, “এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সরোয়ার ভাইয়ের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির নেতারা সম্মিলিতভাবে ফুল দিয়ে বের হচ্ছিল। তখন ভিড়ের কারণে সামান্য ধাক্কাধাক্কি হয়।”
তরিক দাবি করেন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে নাসরিনকে ভিড় থেকে সুরক্ষিত (সেভ) করেছেন এবং ভিডিও ফুটেজেই তার প্রমাণ আছে। তিনি বলেন, নাসরিন অহেতুক মিথ্যা অভিযোগ করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন।





















