ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: শর্ট সার্কিটে পুড়ে ছাই ৩ বসতঘর, নিঃস্ব পরিবার
- আপডেট সময় : ১২:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 649
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ জুন, ২০২৫) রাত সাড়ে ৯টায় উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের নলেরটেক গ্রামের শেখ নুরুল ইসলামের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম জানান, রাতের বেলা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও, সবকিছু পুড়ে ছাই হওয়ার আগেই তা সম্ভব হয়নি। নিজেদের মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এই পরিবার এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। এমনকি, খাবার-দাবারের ব্যবস্থাও না থাকায় পুরো পরিবারকে রাত না খেয়েই কাটাতে হচ্ছে।
চরভদ্রাসন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্তজা ফকির জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডে নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে, ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





















