যুবদল নেতার ‘গরু চুরির’ কথা ফেসবুকে বলায় যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 219
ফেসবুক পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে নিহতের মরদেহ থানায় নিয়ে আসেন স্বজনরা। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে যুবদলের কার্যালয়ে এই মারধরের ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত:
নিহত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে। তিনি ঢাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। স্বজনদের অভিযোগ, জাতীয় নির্বাচন চলাকালে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন অপকর্ম নিয়ে ফেসবুকে পোস্ট ও কমেন্ট করেছিলেন ইদ্রিস। এতেই চরম ক্ষুব্ধ হন যুবদল নেতা জহির।
যুবদল অফিসে নির্যাতন:
গত ২৬ ফেব্রুয়ারি ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে ফিরলে পাখিমারা বাজারে অবস্থানকালে জহির ও তার সহযোগীরা তাঁকে ডেকে ইউনিয়ন যুবদল কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাঁকে ব্যাপক মারধর ও অমানুষিক নির্যাতন চালানো হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
চিকিৎসা ও মৃত্যু:
আহত অবস্থায় ইদ্রিসকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়। নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে বাসায় নেওয়া হয়েছিল। তবে সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
অভিযুক্তের দাবি ও পুলিশের পদক্ষেপ:
হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা জহিরুল ইসলাম দাবি করেন, ওই ব্যক্তি তাঁর কাছে কেবল মাফ চাইতে এসেছিলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। তবে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





















