পায়ুপথে হেরোইন বহনকারী কয়েদির কারাগারে মৃত্যু
- আপডেট সময় : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / 194
রাজবাড়ীতে অভিনব কায়দায় পায়ুপথে হেরোইন বহনকারী মো. রাবেল শেখ রাসেল (২৯) নামের এক মাদক কারবারির কারাগারে মৃত্যু হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গোয়ালন্দে অভিনব কায়দায় পলিথিনের মধ্যে কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় লাল সুতা দিয়ে বেধে পায়ুপথে ১০ গ্রাম হেরোইন বহন করার সময় রাবেল শেখ ওরফে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ওই মামলায় কারাগারে পাঠানো হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. রাবেল শেখ ওরফে রাসেল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম পাড়া এলাকার মো. আবুল শেখের ছেলে।
জানা গেছে, গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি চৌকস দল দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটা এলাকার প্রবেশ পথে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রাবেল শেখ ওরফে রাসেলকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তবে এসময় তার এলোমেলো কথাবার্তায় পুলিশ সদস্যদের আরও সন্দেহ হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেই তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশের হাতে দিলে তা জব্দ করা হয়। পরে এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তাকে গত ৭ অক্টোবর দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। এছাড়াও তার বিরুদ্ধে ২টি মাদক ও একটি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পরলে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।





















