ফরিদপুর যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে উধাও জার্মান প্রবাসী
- আপডেট সময় : ০৯:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 240
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবুল হোসেন মোল্যা নামের এক জার্মান প্রবাসীর বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবি করে। পরে তা না পেয়ে স্ত্রীর চাচাতো ভাই নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামের নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। সাদিয়া আরলী ফরিদপুরের মধুখালি উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
এ ঘটনায় বাবুলের প্রথম স্ত্রী ভুক্তভোগী তাহেরা ওয়াজেদ তুহিনের বড়ভাই ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল ফরিদপুর আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের মেয়ে তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে পার্শ্ববর্তী সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে জার্মান প্রবাসী মো. বাবুল হোসেন মোল্যার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বাবুল হোসেন মোল্যা জানান, আমার বিরুদ্ধে যৌতুকের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। বেশ কয়েক বছর ধরে আমার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে আমার সম্পর্কের অবনতি চলছিল। আমি আমার প্রথম স্ত্রীকে আইন সম্মতভাবে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করেছি।





















