গ্রেপ্তারকৃত সকল পরীক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত পরীক্ষায় অংশ নেবে না ফরিদপুরের এইচএসসি পরীক্ষার্থীরা
ফরিদপুরে এইএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা পরীক্ষার্থীদের
- আপডেট সময় : ০৭:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / 204
যতদিন পর্যন্ত অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত’ ফরিদপুরের প্রধান সারির ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী চলমান ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করবে না।
এ কলেজগুলি হল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও চরভদ্রাসন সরকারি কলেজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্পষ্ট বিবৃতি’ দিয়ে এ কথা জানিয়েছে ওইসব কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ। গত বুধবার দিবাগত রাতে ওই ছয়টি কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ফেসবুকে এ বিবৃতি প্রচার করে।
বিবৃতিতে বলা হয়, ফরিদপুরের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত সকল এইচ এসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে না।
চলতি বছর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এক হাজার ৯১৫ জন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে জন এক হাজার ৪৩২, ইয়াছিন কলেজ থেকে এক হাজার ৮৯১ জন ও ফরিদপুর সিটি কলেজ থেকে ৫৬৩ জনসহ এই চারটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট পাঁচ হাজার ৮০১ জন পরীক্ষার্থী ।
ফরিদপুর ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুর হক খান এ বিষয়ে বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের এ জাতীয় একটি ববিবৃতির কথা তিনি জানতে পেরেছেন। তবে আজ বৃহস্পতিবার এক ঘোষণা দিয়ে ‘অনিবার্যকারণবশত’ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষবোর্ড চলমান এইসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।




















