ফরিদপুরে গৃহবধূকে শিকলবন্দি নির্যাতন: শ্বশুর আটক
- আপডেট সময় : ১০:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 83
ফরিদপুরের নগরকান্দায় রিতু আক্তার (২০) নামে এক গৃহবধূকে শিকলবন্দি করে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় ভুক্তভোগীর শ্বশুরকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণ ও পারিবারিক অভিযোগ:
উপজেলার বাগুটিয়া গ্রামের মো. জালাল কাজীর মেয়ে রিতুর সাথে দুই বছর আগে সাকরাইল গ্রামের শামুন মাতুব্বরের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই রিতুর ওপর নানা অজুহাতে নির্যাতন চালানো হতো। সোমবার সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে ঘরের ভেতর তাকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান।
রিতুর পরিবার জানায়, গত তিন দিন ধরে তাকে কোনো খাবার না দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। উদ্ধারের চেষ্টা করলে রিতুর স্বামী শামুন, শ্বশুর খোরশেদ মাতুব্বর ও ননদ লিপি ও নিপা আক্তার মিলে রিতুর বাবা-মায়ের ওপরও হামলা চালায়। এমনকি তাদের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
‘জিনে ধরার’ নাটক ও বর্বরতা:
রিতুর চাচা সৈয়দ আলী জানান, গত রোববার ছেলের বাবা তাদের বাড়িতে গিয়ে রিতুকে জিনে ধরেছে বলে মিথ্যা দাবি করেন এবং তাকে নিয়ে আসতে বলেন। কিন্তু সেখানে গিয়ে তারা রিতুর ভয়াবহ অবস্থা দেখতে পান। এর আগেও এই বিষয় নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে বলে তিনি জানান।
পুলিশি পদক্ষেপ:
নগরকান্দা থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিতুকে উদ্ধার করে। এ সময় রিতুর শ্বশুর খোরশেদ মাতুব্বরকে (৫৮) আটক করা হয়েছে। তবে অভিযুক্ত স্বামী শামুন মাতুব্বর পলাতক রয়েছেন।
এ ঘটনায় নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















