ফরিদপুরে পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ আ’লীগ নেতা ছিনতাই
- আপডেট সময় : ০৬:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 355
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও অনুসারীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাই হওয়া আসামি কবির খান (৪৫) ওই ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
হামলার বিবরণ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চরভদ্রাসন থানার এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেফতার করে। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় তার বড় ভাই সূর্য খান পুলিশের কাজে বাধা দেন। এর পরপরই কবিরের ১০-১৫ জন অনুসারী ও স্বজন পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়।
আহত পুলিশ সদস্যদের অবস্থা:
আসামি ছিনতাইয়ের সময় হামলাকারীদের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন— এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক, এসআই রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এসআই রফিকুজ্জামানের ডান হাতে গুরুতর জখম হয়েছে।
হাতকড়া উদ্ধার:
চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, কবিরের এক হাতে হাতকড়া পরা ছিল। তার লোকজন পুলিশকে পিটিয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। তবে পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় সেই হাতকড়াটি উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে।
পুলিশের পদক্ষেপ:
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবির খান সন্ত্রাসবিরোধী আইনের এজাহারভুক্ত আসামি। তাকে ধরতে গেলে স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং পালিয়ে যাওয়া কবির খানকে পুনরায় গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



















