নাটোরের সিংড়ায় ফুটবল খেলার সময় গায়ে বল লাগার জের ধরে দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম নাহিদ হোসেন (৯)। সে বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
কিভাবে ঘটনাটি ঘটলো?
সোমবার দুপুরে টিফিন বিরতির সময় মাঠে শিক্ষার্থীরা ফুটবল খেলছিল। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদ হোসেনের গায়ে ফুটবল লাগলে সে আঘাত পায়। এতে ক্ষিপ্ত হয়ে নাহিদ বলটি মাঠের বাইরে ছুড়ে মারে। এতে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাব্বি ও তৌফিক দৌড়ে এসে নাহিদের গলা টিপে ধরে কিল-ঘুসি মারতে শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।
তদন্ত কমিটি গঠন
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানিয়েছেন, এ ঘটনায় তাৎক্ষণিক সিংড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত আটক
সিংড়া থানার ওসি আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান, অভিযুক্ত একই বিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি ও তৌফিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য
বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহিদুল ইসলাম জানান, বিদ্যালয় চলাকালে মধ্যাহ্ন বিরতির সময় দুপুর আড়াইটার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. নাহিদ হাসান মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নাহিদ মারা যায়।