‘আওয়ামী লিগ’ নামে দল নিবন্ধনের আবেদনকারী কে এই উজ্জল রায়?
- আপডেট সময় : ১২:০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 1498
উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি ‘আওয়ামী লিগ’ নামে একটি নতুন দলের নিবন্ধন আবেদন জমা দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর ১৯৯৮ সালে জন্ম নেওয়া এই ব্যক্তির বর্তমান বয়স ২৭ বছর। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম নরেশ চন্দ্র রায় এবং মায়ের নাম পারুল রায়।
এখন পর্যন্ত উজ্জ্বল নিজেকে এই দলের একক সংগঠক এবং একমাত্র সদস্য হিসেবে দাবি করছেন। তিনি এই দলটির জন্য নৌকা অথবা ইলিশ প্রতীক চেয়ে সোমবার নির্বাচন কমিশনে আবেদন করেছেন। তবে, তার পরিচিতি বা অতীত সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
উজ্জ্বল রায় নির্বাচন কমিশনে জানিয়েছেন, গতকাল ২৪ মার্চ দলটি গঠিত হয়েছে। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। দলটির সভাপতিও তিনি।
নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে (ফিজার)-এর নাম যুক্ত করেছেন উজ্জ্বল রায়। তিনি মোস্তাফিজুর রহমানকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে উজ্জ্বল রায় বলেন, ‘ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সম্মেলনের আগে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি, তখন দেখা করতে পারিনি। আমি ওই আসনে নির্বাচন করতে চাই। আমার দলে এখন পর্যন্ত আমিই একজন। ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন আবেদন করেছি।’ উজ্জ্বল রায় আরও বলেন, ‘আমি এখানে নির্বাচন করতে চাই। এ জন্য ইসিতে আবেদন করেছি। সারা দেশে কমিটি করতে গেলে যে টাকা দরকার, তা আমার নেই। এ জন্য আমি একাই কাজ করব।’
বিদ্যমান আওয়ামী লীগ ও ইসির অবস্থান:
বাংলাদেশ আওয়ামী লীগ নামে বর্তমানে নির্বাচন কমিশনে নৌকা প্রতীকে একটি দল নিবন্ধিত রয়েছে। নতুন কোনো দলের নিবন্ধনের জন্য আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ‘আওয়ামী লিগ’ নতুন দলের নিবন্ধন আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, ‘একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন এবং বিধি আছে, তা পর্যবেক্ষণ করে – সমস্ত শর্ত পূরণ থাকলে নিবন্ধন দেওয়া হয়। শর্ত যদি পূরণ করতে না পারে, তাহলে আমরা তাকে গ্রহণ করতে পারব না।’





















