কক্সবাজারে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ও ল্যাপটপ ছিনতাই
- আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 120
কক্সবাজারের পেকুয়া উপজেলার ঘোষালপাড়া এলাকায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে লবণ চাষীদের মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই হামলার শিকার হন দুই সাংবাদিক।
পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারী এবং ফটোগ্রাফার সজীবকে স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা সাইফুল ও সন্ত্রাসী এহসানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল হামলা করে। এ সময় সাংবাদিকদের কাছ থেকে ১টি ড্রোন ক্যামেরা, ১টি ল্যাপটপ এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
আহত সাংবাদিকদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকরা শুধুমাত্র তাদের কর্তব্য পালন করছিলেন। এই হামলায় সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত আছেন। লিখিত অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




















