কুয়েটে ভয়াবহ রণক্ষেত্র: অর্ধশতাধিক আহত, উপাচার্যসহ অনেকে হাসপাতালে
- আপডেট সময় : ০৯:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 554
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য নিয়োগের জন্য ফরম বিতরণ শুরু করলে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়া হয়। এ সময় ছাত্রদল সমর্থিতদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে বহিরাগতরা এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও জড়িত ছিল।
সংঘর্ষে আহতদের মধ্যে খানজাহান আলী হল প্রাধ্যক্ষ মো. ইলিয়াসসহ অনেকে রয়েছেন। কুয়েটের উপাচার্য প্রফেসর ড. অধ্যাপক মুহাম্মদ মাছুদও সংঘর্ষের সময় আহত হয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়াই এই সংঘর্ষের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।




















