কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক
- আপডেট সময় : ১০:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 611
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তরা কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক দল নেতার নাম মো. নাসির উদ্দীন (৪৮)। তিনি সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।
নিহত মো. নাসির উদ্দিন বারবকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের মৃত কবির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ইফতারের পর নিজ ঘর থেকে বাইরে বের হওয়ার সময় দুর্বৃত্তরা নাসিরকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দৈনিক যুগান্তরকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।





















