ঘুষ-দুর্নীতির অভিযোগ প্রমাণিত : ওসি মাসুদ রানা এসআই পদে অবনমিত
- আপডেট সময় : ১১:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 431
জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপ-পরিদর্শক (এসআই) পদে অবনমিত হয়েছেন। রংপুরে কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
পুলিশ বিভাগের একাধিক সূত্র এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার পদাবনতির বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৫) মাসুদ রানা আক্কেলপুর থানার দায়িত্ব হস্তান্তর করেছেন।
অভিযোগের বিস্তারিত
জানা গেছে, ২০১৮ সালে মাসুদ রানা রংপুর ডিবিতে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত ছিলেন। সে সময় রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত গুরুতর অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়।
তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা
দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাসুদ রানার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে ওসি (ইন্সপেক্টর) পদ থেকে আগামী তিন বছরের জন্য এসআই পদে অবনমিত করেছে।
মাসুদ রানা গত ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছিলেন। এরপর গত ২০২৫ সালের ৮ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।




















