ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ: ১৩ জনের অভিযোগে শিক্ষক বরখাস্ত
- আপডেট সময় : ০৮:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 129
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে মনিরুল ইসলাম নামের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) তাকে বরখাস্ত করা হয়। অভিযুক্ত মনিরুল ইসলাম মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
১৩ ছাত্রী ইউএনও বরাবর অভিযোগ করে
মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তারা উল্লেখ করেন, “শিক্ষক মনিরুল ইসলাম ছাত্রীদের সঙ্গে নানা ধরনের খারাপ আচরণ, অঙ্গভঙ্গি ও অশালীন ভাষা ব্যবহার করেন। এ ধরনের আচরণ আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। তিনি দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে এমন আচরণ করে আসছেন।”
ভয়ে মুখ খুলতে পারেনি ছাত্রীরা
ছাত্রীরা অভিযোগে আরও জানান, তারা লজ্জা ও ভয়ে এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি। তবে দিনের পর দিন শিক্ষক মনিরুল ইসলামের আচরণ আরও বাড়তে থাকায় তারা বাধ্য হয়ে পরিবারকে জানায় এবং পরে লিখিত অভিযোগ করেন। তারা ইউএনও’র কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
ক্ষমা চেয়ে বরখাস্ত
অভিযোগ পাওয়ার পর ইউএনও ফয়সাল আহমেদ অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলামকে অফিসে ডেকে পাঠান। এ সময় শিক্ষক তার দোষ স্বীকার করে ইউএনও’র কাছে ক্ষমা চান। এরপর ইউএনও তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করেন।
ইউএনও ফয়সাল আহমেদ জানান, “অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিক্ষকের দাবি, ষড়যন্ত্রের শিকার
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, “আমি এমন লোক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু পরিস্থিতির কারণে আমাকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হয়েছে।”





















