পরকীয়ায় যুবক খুন, লাশ ৪ টুকরো: এরপর মিলাদ পড়ালেন ‘খুনি’ দম্পতি

- আপডেট সময় : ১০:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 694
পরকীয়ায় জড়িয়ে কুমিল্লার তিতাস উপজেলায় নজরুল (৩৫) নামের এক যুবককে নিজ ঘরে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক দম্পতি। হত্যার পর লাশটি চার টুকরো করে বাজারের ব্যাগে ভরে খালে ফেলে দেওয়া হয়। আজ রবিবার পুলিশ খাল থেকে লাশের খণ্ডিত দুই হাত উদ্ধার করেছে। দেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
হত্যার কারণ ও পরিকল্পনার বিস্তারিত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত নজরুল একই উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা। পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণে গত ৬ আগস্ট রাতে তাকে ফোন করে নিজ বাড়িতে ডেকে এনে হত্যা করে মজিদপুর গ্রামের হোসেন (৩২) ও তার স্ত্রী স্মৃতি (২৭)।
হত্যার পর খুনি দম্পতি কুড়াল দিয়ে লাশটি চার টুকরো করে বাজারের ব্যাগে ভরে খালে ফেলে দেয়। এই নৃশংস ঘটনার চার দিন পর ঘর ধোয়ামোছা করে শনিবার রাতে খিচুড়ি পাকিয়ে মিলাদেরও আয়োজন করে তারা।
পুলিশের অভিযান ও লাশ উদ্ধার
নজরুলের নিখোঁজ হওয়ার পর গত ৮ আগস্ট তার বাবা তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। মোবাইল ফোনের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ আজ ভোরে অভিযুক্ত দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই নজরুলকে হত্যার কথা স্বীকার করে।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ বলেন, “অভিযুক্তদের দেওয়া তথ্য অনুযায়ী, আমরা মজিদপুর গ্রামের উত্তর পাশের খাল থেকে স্থানীয় জেলেদের সহায়তায় একটি বস্তা উদ্ধার করেছি, যার মধ্যে লাশের খণ্ডিত দুই হাত পাওয়া গেছে।” তিনি আরও জানান, বাকি তিনটি বস্তা উদ্ধারের জন্য ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।





















