ফরিদপুরে এসএসসি পরীক্ষা চলাকালে সাজেদা চৌধুরী কেন্দ্রে ২৩ শিক্ষার্থী বহিষ্কার
- আপডেট সময় : ১১:০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 595
ফরিদপুরের নগরকান্দায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক কেন্দ্রে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে। উপজেলার সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে এই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।
জানা গেছে, সকাল ১০টা থেকে ওই কেন্দ্রে এসএসসি ২০২৫ এর ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষার মাঝপথে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অসদুপায় অবলম্বনের প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে ২৩ জন পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষ থেকে বহিষ্কার করেন।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিব মো. আত্তাপ হোসেন বলেন, “পরীক্ষায় অসদুপায় গ্রহণ করায় ইউএনও স্যারের নির্দেশে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই নগরকান্দা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।





















