ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জুলফিকার হোসেন জুয়েলের উদ্যোগে ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৮:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 169
ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক টুলু, যুগ্ম আহ্বায়ক আজম খান, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ফরিদপুর বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাদের বক্তব্য
এ সময় বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে খুনী হাসিনা জাতীয়তাবাদী দল বিএনপির উপরে নির্যাতন চালিয়ে ইফতার মাহফিলও পালন করতে দেয়নি। কিন্তু এখন আমাদের সময় ইফতারের মত ধর্মীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে জনগণের সাথে মিলিত হবার। আর সেই উদ্দেশ্যেই কেন্দ্রীয় নির্দেশে এই ইফতার মাহফিলের আয়োজন।”
তারা আরও বলেন, “এখন খুনী হাসিনা পালিয়ে গেলেও বিএনপির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের উদ্দেশ্য এখনো পূর্ণ হয়নি। বিএনপির আন্দোলন সংগ্রাম তখনই সফল হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”
আগামী নির্বাচনের প্রস্তুতি
বক্তারা আরো বলেন, “জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনের জন্য সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির জয় অবশ্যম্ভাবী।”
এ সময় সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এছাড়া, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যাতে সুস্থ থেকে দেশে ফিরে এসে দেশের হাল ধরতে পারেন, সেই আশা প্রকাশ করা হয়।
দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
বক্তারা বলেন, “এছাড়া আগামী নির্বাচন উপলক্ষ্যে যে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারী সরকার পতন হলেও এখনো দেশদ্রোহীরা দেশে ঘাপটি মেরে লুকিয়ে আছে।”
এ সময় বক্তারা সবার কাছে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, “বিগত ১৭ বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি। দেশে ভোট ডাকাতি হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে।”
দোয়া মাহফিল
অনুষ্ঠানে পরবর্তী পর্বে মুসলিম উম্মাহর শান্তি প্রতিষ্ঠায় এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




















