ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫ , আহত অন্তত ৩৫
- আপডেট সময় : ১২:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 532
ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ‘হাইডেক্স’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।
সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, তারা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
















