ফরিদপুরে পুকুরে গোসল করতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 207
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে চর চাঁদপুর সাদের খাঁর ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—তাফসির ফকির (৬) ও লামিমা আক্তার (১৪)। তাফসির ওই গ্রামের মুকুল ফকিরের ছেলে এবং লামিমা আক্তার একই গ্রামের জামাল ফকিরের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। লামিমা লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তাফসির ও লামিমা বাড়ির পাশের একটি উন্মুক্ত ফসলি মাঠে থাকা পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তাফসির তলিয়ে যেতে শুরু করলে, তাকে বাঁচাতে লামিমা পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সাঁতার না জানায় এবং পরনের কাপড় পেঁচিয়ে যাওয়ায় লামিমাও ডুবে যায়।
ভাইবোন ঘরে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “ভাইকে বাঁচাতে গিয়ে বোন পানিতে ঝাঁপ দিলে দুজনই প্রাণ হারায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”



















