ফরিদপুরে মানব পাচার প্রতিরোধে ‘স্বপ্ন’ পথনাটক, আশ্বাস প্রকল্পের উদ্যোগ
- আপডেট সময় : ১১:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 261
ফরিদপুরে আশ্বাস প্রকল্পের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক পথনাটক ‘স্বপ্ন’ মঞ্চায়িত হয়েছে। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় এই নাটকের প্রদর্শনী হয়।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির নজরুল যুব সংঘ মাঠে এই পথনাটক অনুষ্ঠিত হয়। নাটকের মাধ্যমে সাধারণ জনগণকে আশ্বাস প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার জনাব মুকুল আলী এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর জনাব তানিয়া আক্তারসহ বিভিন্ন শ্রেণী ও পেশার তিন শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।

‘স্বপ্ন’ নামের এই পথনাটকটি পরিবেশন করে বাংলা থিয়েটার এবং এর আয়োজক ছিল শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)। নাটকের কাহিনীতে দেখানো হয়, কীভাবে দালালদের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে অনেকে নির্যাতিত ও প্রতারিত হয়ে ফিরে আসে। পরবর্তীতে আশ্বাস প্রকল্পের মাধ্যমে সেবা পেয়ে তারা স্বাবলম্বী জীবন লাভ করে। নাটকের মূল উদ্দেশ্য ছিল মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা।





















