ফরিদপুরে সমবায় সমিতির সাড়ে ১৫ লাখ টাকা লুট: মানববন্ধন ও অভিযোগ
- আপডেট সময় : ০৭:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / 203
ফরিদপুরের মধুখালী উপজেলায় সমবায় সমিতির সাড়ে ১৫ লাখ টাকা লুট করার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন করেন বাগাট বাজারের ব্যবসায়ীরা। মানববন্ধনে সমিতির কর্মী পংকজ বিশ্বাস বলেন, গতকাল রোববার বিকেলে বাগাট বাজারের অগ্রসর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যালয়ে বসে ইফতারির প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মিলন শেখ (৩৮), তার মামা মোতালেব শেখ (৬০) ও প্রতিষ্ঠানের আরও দুইজন কর্মী। এ সময় সন্ত্রাসীরা তাদের রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সমিতির ১৫ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এতে আহত হন ইকরাম শেখ এবং পংকজ বিশ্বাস।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আহত মিলনের মা রুপসী বেগম, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান টিপু, বাগাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝন্টু, সহ-সভাপতি আতিয়ার রহমান, আকরাম হোসেন, জাকির ফকির, আবীর হোসেন, মোশাররফ হোসেন, ছাত্রদল নেতা কনক হাসান মাসুদ প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ অভিযোগ করেন, কাঠমিস্ত্রীর কাজের আড়ালে এই সন্ত্রাসীরা বাজারের একটি দোকানে হাতুড়ি, রামদা, ছ্যানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র মজুদ করে রাখে। ৫ আগস্টের আগে তারা স্থানীয় আওয়ামী লীগের হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর হামলায় অংশ নেয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা এখনো আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে মাথাচাড়া দিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছে। আমরা এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
এ ব্যাপারে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার বিষয়টি সরাসরি দেখভাল করছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত কেউ এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















