ফরিদপুর মেডিকেলে ছিনতাইকালে যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা
- আপডেট সময় : ০৪:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 553
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছিনতাই করার সময় তারেক (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাই ও আটক
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম খাবাসপুরের ভাড়াটিয়া মো. তারেক তার চক্রের অন্য সদস্যদের নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় এক ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে ধরে ফেলেন। পরে উপস্থিত জনতা তাকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে সোপর্দ করে। হাসপাতালের পুলিশ কোতোয়ালি থানায় খবর দিলে ডিউটিরত এসআই হাসান ঘটনাস্থলে গিয়ে তারেককে থানায় নিয়ে যান।
আটককৃত তারেক ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের মোকাদ্দেসের ছেলে।
দালাল ও অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ
এই ঘটনার পর হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। তারা অভিযোগ করেন, হাসপাতাল চত্বরে প্রায়ই পকেট মার, মোবাইল ও মোটরসাইকেল চুরির মতো ঘটনা ঘটে। পুরো হাসপাতাল এলাকা দালাল চক্রে ভরে গেছে। তারা ফরিদপুর পুলিশ প্রশাসনের কাছে এসবের প্রতিকার চেয়েছেন।
এক ভুক্তভোগী বলেন, শুধু প্রশাসন নয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও যদি নজরদারি করেন, তাহলে অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমে আসবে।





















