মেহেরপুরের মুজিবনগরে কেদারগঞ্জ বাজার সংলগ্ন মায়ের দোয়া হোটেলের সামনে রাজনৈতিক কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামের কয়েকজন কর্মী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের কয়েকজন কর্মী মায়ের দোয়া হোটেলের সামনে রাজনৈতিক কথা কাটাকাটির মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেটি পরে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে আমিরুল গ্রুপের মো. জসিম (৪০) রামদার কোপে গুরুতর আহত হন। এছাড়াও শেরেগুল (৪২), জাহান আলী (৪৩) ও রশিদ (৩৮) আহত হন। একই সঙ্গে মাসুদ অরুন গ্রুপের আশিকসহ দুইজন আহত হন। উভয়পক্ষকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
আমিরুল গ্রুপের অভিযোগ ও হামলার বিবরণ:
আমিরুল গ্রুপের আহতদের পরিবারের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ অরুন গ্রুপের মো. ইয়াসিন (৪০), বোরহান (৪২), সাগর (২২), আশিক (৩০), দিদার (৩৫), রুবেল, ছগিরসহ আরও কয়েকজন রামদা, টাঙ্গি, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে কিল-ঘুষিসহ এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন অঙ্গে জখম করে।
মাসুদ অরুন গ্রুপের বক্তব্য ও পরিস্থিতি নিয়ন্ত্রণ:
অপরদিকে মাসুদ অরুন গ্রুপের লোকজন জানায়, আমিরুল গ্রুপের লোকজন তাদের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা এবং ভয়ভীতি প্রদর্শন করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দলসহ বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের মেজর ফারহান ও ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।