মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ,বিএনপি নেতার ছেলের ছুরিকাঘাতে বাবা-মা রক্তাক্ত
- আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / 369
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন নাফিজ ফয়সাল আকাশ নামের এক যুবক। তিনি ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে। উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে এর আগেও দু’পক্ষের মধ্যে একাধিকবার সমঝোতা বৈঠক হয়েছিল।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, মাথায় ধারালো অস্ত্রের আঘাত
শুক্রবার বিকালে আকাশ ও তার কয়েকজন সহযোগী মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটির মা আর্জিনা খাতুন প্রস্তাব প্রত্যাখ্যান করলে আকাশ ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। তার চিৎকারে মেয়েটির বাবা জাহাঙ্গীর আলম এগিয়ে এলে তাকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মা বগুড়া হাসপাতালে
আহত আর্জিনা খাতুন ও জাহাঙ্গীর আলমকে প্রতিবেশীরা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আর্জিনার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিযুক্তের দাবি: প্রেমের সম্পর্ক ছিল, তাকে মারধর করা হয়েছে
অভিযুক্ত আকাশের বাবা, বিএনপি নেতা পাশা দাবি করেন, তার ছেলে ও মেয়েটির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং মেয়ের পরিবারই প্রথমে আকাশকে বাড়িতে ডেকে নিয়ে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ কারণেই আকাশ উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে।
পুলিশের বক্তব্য: ছুরিকাঘাতের প্রমাণ, অভিযুক্ত পলাতক
ধুনট থানার এসআই শামীম হোসেন জানান, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিএনপি নেতার ছেলে আকাশ ছুরিকাঘাত ও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। আকাশ ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে।





















