শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন: ফরিদপুরে শিক্ষা উপদেষ্টা ড. আবরার
- আপডেট সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 255
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতা নিয়ে সরকার অত্যন্ত উদ্বিগ্ন। তবে এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রদের উদ্বেগ স্বাভাবিক, তবে আইন ও নিয়মের মধ্যেই সমাধান হবে
ড. আবরার বলেন, “আগে যে অস্থিরতা ছিল, সেটা একদিনে দূর হবে না—এটা বাস্তবতা। তবে এখন এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষ মনে করে তারা তাদের মত প্রকাশ করতে পারবেন। এতে হয়তো কিছুটা তাড়াহুড়ো দেখা যাচ্ছে, তবে তাদের দাবিগুলো সরকার সংবেদনশীলভাবে দেখছে। আমরা চেষ্টা করছি যেন আইন ও নিয়মের মধ্যে থেকেই যুক্তিসঙ্গত সমাধান করা যায়।”
কুয়েট পরিস্থিতি সমাধানে গঠিত হয়েছে কমিটি
তিনি আরও বলেন, “কুয়েটে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছি। তাদের অনশন ও দাবির বিষয়ে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের বলেছি, এই গরমে তোমরা অনশন করছো, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে—তোমরা শান্ত হও, কারণ আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমি তাদের আশ্বস্ত করেছি, অতীতের মতো এবার আর আমরা পিছিয়ে যাব না, দ্রুত সমাধান হবে।”
আলোচনা সভায় অংশগ্রহণ
পরে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আগামীর শিক্ষা: প্রেক্ষিত বর্তমান’ শীর্ষক আলোচনাসভায় অংশগ্রহণ করেন।
সভায় ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

























