সাংবাদিক তুহিন হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 312
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তাদের দাবি
মানববন্ধনে মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন-সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও দেশের গণতন্ত্রের জন্য বড় হুমকি।
স্মরণ ও শোক
মানববন্ধন শেষে সাংবাদিকরা নিহত সাংবাদিক তুহিনের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।











