স্কুল দখল ও চাঁদাবাজি: অধ্যক্ষসহ ৩ শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / 207
শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পি.এস.পি) হাইস্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২) ও তপুর রায়হান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, মনোয়ার হোসেন ও তপুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল পি.এস.পি হাইস্কুলে আসে। তারা স্কুলে ঢুকে শিক্ষার্থী ও শিক্ষকদের জোর করে বের করে দেয় এবং স্কুলটি দখলের চেষ্টা করে। এ সময় তারা স্কুলটির অফিস কক্ষের ক্যাশবক্সে থাকা দেড় লাখ টাকা নিয়ে যায়। পি.এস.পি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাঈমুল হাসান নাঈম বলেন, দখলকারীরা কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে তার স্কুল দখলে নেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা বিদ্যালয় থেকে প্রায় দেড় লাখের বেশি টাকা নিয়ে গেছে। জাতীয় জরুরি পরিষেবা-৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তিনজন শিক্ষককে ধরে নিয়ে যায়।
পুলিশের পদক্ষেপ ও আইনি ব্যবস্থা:
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান নাঈম। ভেদরগঞ্জ থানার ওসি বলেন, ‘বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করা হয়। পরে থানায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। কেউ যদি কোনো চাঁদাবাজি কিংবা অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ত হয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
















