২০ টাকা কেজিতে বিক্রি: সরকারি বইসহ ট্রাক জব্দ, পলাতক প্রধান শিক্ষক
- আপডেট সময় : ১১:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / 454
টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহম্মদ নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ।
স্কুলপ্রধান পলাতক, বই বিক্রির দায় ঘাড়ে তার
স্থানীয়রা জানান, আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি পাঠ্যবই ২০ টাকা কেজি দরে কালোবাজারে বিক্রি করেন। এসব বই একটি ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং তারা ইউএনওকে খবর দেন। দুপুর ১টার দিকে অভিযানে গিয়ে স্কুল ক্যাম্পাস থেকেই বইসহ ট্রাকটি জব্দ করা হয়।
মির্জাপুরে যাচ্ছিল বইভর্তি ট্রাক
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বইগুলো মির্জাপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু মাঝপথে প্রশাসনের হস্তক্ষেপে পুরো বিষয়টি ফাঁস হয়ে যায়।
তদন্ত কমিটি গঠন ও আইনি ব্যবস্থা আসছে
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ জানান, ২০২৫ সালের নতুন পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং চার দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্কুল কমিটির সভাপতির দাবি—তিনি কিছুই জানেন না
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান জানান, বই বিক্রির বিষয়টি তিনি জানতেন না।
ওসির বক্তব্য ও শিক্ষক নিখোঁজ
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।




















