৭৫ লাখ টাকার ইয়াবা সহ মা-মেয়ে গ্রেফতার
- আপডেট সময় : ১০:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 633
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)। মঙ্গলবার বিকেলে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসার পর তাদের আটক করা হয়।
অভিনব কায়দায় ইয়াবা পাচার
গ্রেফতারকৃতরা হলেন রোজিনা (৪০) এবং তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দু’জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানান, তারা বিশেষ কায়দায় ইয়াবাগুলো পরিবহন করেছেন।
তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের স্টিলের হাতলের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও, রোজিনার দেহ তল্লাশি করে পাওয়া যায় আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা। সব মিলিয়ে তাদের কাছ থেকে প্রায় ৭ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ ৮০ হাজার টাকা।
আটকের পর মা-মেয়ে দু’জনই দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
বিমানবন্দরে তৎপর এপিবিএন
এ বিষয়ে বিমানবন্দর এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “যাত্রী সেজে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের চেষ্টা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুরোপুরি তৎপর রয়েছি।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





















