পুলিশের পোশাকে ছিনতাই! ফরিদপুরে ধরা পড়ল চাকরিচ্যুত ‘কনস্টেবল জুনায়েদ
- আপডেট সময় : ০৮:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 508
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় ধরা পড়েছেন এক ব্যক্তি, যিনি পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) পোশাক পরে ছিলেন। পরে জানা যায়, তিনি পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত কনস্টেবল জুনায়েদ পাটোয়ারী (৩৪)। ঘটনাটি ঘটে বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে বোয়ালমারী পৌর সদরের ওয়াবদার মোড়ে।
🧑✈️ পুলিশের পরিচয়ে কাগজপত্র চাইলো, ছিনিয়ে নিল বাইক
ভুক্তভোগী রাজিব সাহা জানান, ওই সময় তিনি তার পালসার মোটরসাইকেল ওয়াবদার মোড়ে দাঁড় করালে জুনায়েদ পুলিশের পোশাক পরে কাগজপত্র দেখতে চান। রাজিবের বন্ধু আমিরুল জান্নাত সিয়াম গাড়ি থেকে নামতেই জুনায়েদ দ্রুত বাইকে উঠে মাগুরার দিকে পালিয়ে যান।
🏍️ ফলো করে মাগুরায় ধরলেন মালিক ও তার বন্ধু
ঘটনার পরপরই রাজিব সাহা ও সিয়াম আরেকটি মোটরসাইকেল নিয়ে তাকে অনুসরণ করতে থাকেন। মাগুরার মহম্মদপুর থানার সামনে গিয়ে তারা তাকে ধরে ফেলেন। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে স্থানীয় থানার পুলিশ তাদের সহায়তা করে জুনায়েদকে আটক করে।
👮 আটক হওয়া ব্যক্তি ছিলেন চাকরিচ্যুত কনস্টেবল
জুনায়েদ পাটোয়ারীর বাড়ি রাজবাড়ী সদর থানার বৃচাত্রা গ্রামে। তিনি পূর্বে কনস্টেবল পদে কর্মরত ছিলেন, কিন্তু মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক বছর আগে চাকরি হারান।
📝 মামলা ও থানার বক্তব্য
বৃহস্পতিবার (৫ জুন) রাজিব সাহা বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। সেই মামলায় জুনায়েদকে গ্রেপ্তার দেখানো হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, “জুনায়েদ আগে পুলিশে চাকরি করতেন। নেশাগ্রস্ত অবস্থায় তার আচরণে সমস্যা থাকায় তাকে চাকরিচ্যুত করা হয়। তিনি এএসআইয়ের পোশাক পরে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছেন।”











