সীমান্ত থেকে ফরিদপুরে মাদক সরবরাহ: গাঁজা ও ৪ লাখ টাকার ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার!
- আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 905
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল রবিবার (১৫ জুন, ২০২৫) বিকেলে এই অভিযানগুলো পরিচালিত হয়, যেখানে পেশাদার মাদক ব্যবসায়ীরা ধরা পড়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রথম অভিযান: ভাঙ্গা টোলপ্লাজায় গাঁজাসহ গ্রেপ্তার ২ নারী
র্যাব-১০ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে র্যাব-১০-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় দোলা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-০৯৪৫) নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালামাল রাখার বক্সের ভেতর থেকে একটি নেভী ব্লু-রঙের লাগেজ (ট্যাগ নং- ২০৫৮৮৫) উদ্ধার করা হয়। লাগেজটি থেকে আনুমানিক ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যমানের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. রাবেয়া বেগম (৩৭), স্বামী- মানিক মিয়া, গ্রাম- মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ২. জাহেনারা বেগম (৬০), স্বামী- মৃত মানিক মিয়া, গ্রাম- দেউষ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
দ্বিতীয় অভিযান: নাজিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২ পুরুষ
অপর একটি অভিযানে, বেলা আনুমানিক ৪টা ১০ মিনিটে র্যাব-১০-এর আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে আনুমানিক ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যমানের ১৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন: ১. মো. জামাল উদ্দিন (৪৩), পিতা- মো. নুরুল আমিন, গ্রাম- জয়কৃষ্ণপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী। ২. মো. সোহেল শেখ (৩২), পিতা- মো. সামসেল শেখ, গ্রাম- ডাঙ্গী বাঙ্গালকান্দি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর।
পেশাদার মাদক ব্যবসায়ী ও আইনি পদক্ষেপ
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















