ফরিদপুরে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ও মোটরসাইকেলসহ সর্বস্ব লুট
- আপডেট সময় : ১১:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 768
ফরিদপুরের ভাঙ্গায় বেড়াতে এসে গভীর রাতে ডাকাতের কবলে পড়েছেন ঢাকা মোহাম্মদপুর মডেল কলেজের দুই শিক্ষার্থী। শনিবার (২১ জুন, ২০২৫) দিনগত রাতে তারাইল-চন্দ্রপাড়া ফিডার সড়কের ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের নয়াকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে কলাবাগানে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ও মোটরসাইকেল লুট করে নিয়েছে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন মেহেদী হাসান (২০) ও মোহাম্মদ সাগর (২০)। তারা ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকেন। মেহেদী হাসান ফেনী জেলা সদরের মধুপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং সাগর শরীয়তপুর জেলার সখিপুর থানার মাদবরকান্দী গ্রামের মজিবর রহমান ফকিরের ছেলে।
মুক্তিপণের নামে বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান জানান, তারা দুই বন্ধু ঢাকা থেকে ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় আবির নামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গার তারাইল-চন্দ্রপাড়া ফিডার সড়কে তারা ডাকাতের কবলে পড়েন। ডাকাতরা তাদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর তাদের দুজনকে জিম্মি করে চোখ বেঁধে একটি কলাবাগানে আটকে রাখে।
মেহেদী হাসান আরও অভিযোগ করেন, ডাকাতরা তাদের পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে আরও ১ লাখ ৪ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ভোরে তারা কৌশলে পালিয়ে রাস্তায় উঠে ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চান। এরপর ভাঙ্গা থানা পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় মেহেদী হাসান নিজেই ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশের উদ্ধার অভিযান ও এক ডাকাত আটক
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “দুই কলেজ শিক্ষার্থী ঘুরতে এসে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা তাদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল, মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।” তিনি জানান, শিক্ষার্থীরা ৯৯৯-এ কল দিলে ভোরে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এক ডাকাতকে আটক করা হয়েছে।











