যৌনকর্মী তানিয়াকে শ্বাসরোধ করে খুন : ওয়ারড্রবে মিলল মরদেহ
- আপডেট সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 1073
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া (৩০) নামে এক যৌনকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন, ২০২৫) বিকেলে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার নিজ ঘরের ওয়ারড্রব থেকে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মোবাইল চার্জারের ক্যাবল পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।
নিহত তানিয়া বরিশালের বন্দর থানার রায়পুর গ্রামের দুলালের মেয়ে। তিনি বেশ কয়েক বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাস করছিলেন।
কী ঘটেছিল?
পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা গেছে, বুধবার সকালেও অনেকে তানিয়াকে যৌনপল্লীতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখেছেন। এরপর সারা দিন তাকে আর দেখতে না পেয়ে কাছের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তানিয়ার বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দেওয়া হলে তিনি এসেও খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তানিয়ার কক্ষে থাকা ওয়ারড্রবের তালা ভেঙে দেখা যায়, তার লাশ ওয়ারড্রবের ভেতরে পড়ে আছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের বক্তব্য ও তদন্ত
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘাতক পরিকল্পিতভাবে তানিয়াকে হত্যা করে এভাবে লাশ লুকিয়ে রাখে। লাশ উদ্ধারের সময় তানিয়ার গলায় মোবাইল ফোন চার্জের ক্যাবল জড়ানো ছিল। এই তার পেঁচিয়েই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।





















