মাদক সরবরাহকালে ফরিদপুরে যৌথ বাহিনীর হাতে আটক সাথি আক্তার
- আপডেট সময় : ০২:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 1246
ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে সাথি আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। তার কাছ থেকে ১ কেজি গাঁজা, ৪০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মাদক কারবারি চক্রের সদস্য
সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল গতকাল রাতে বোয়ালমারী রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করে। আটককৃত সাথি আক্তার পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দোলাগ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত নারী মাদক কারবারি গোপালগঞ্জের একটি মাদক চক্রের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। বোয়ালমারীতে মাদক সরবরাহ করতে এসে তিনি যৌথ বাহিনীর হাতে ধরা পড়েন।
পুলিশের কাছে হস্তান্তর ও অভিযান অব্যাহত
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাথি আক্তারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ নির্মূলে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সচেতন নাগরিকদের এ ধরনের অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

















